কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এ সময় তার বিরুদ্ধে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে রাখা টাকাসহ তাকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।
এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়। তার আটক নিয়ে তুমুল আলোচনার মধ্যেই মুরাদনগরের ঘটনাটি ঘটল।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলার ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে যান হাবিবুর রহমান। পরে তিনি স্থানীয় ভোটারদের মধ্যে গোপনে টাকা বিতরণের চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে।
এ সময় তার গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ওপর পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ছিল। ভেতরে এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল পাওয়া যায়, যার মোট পরিমাণ দুই লাখ টাকা।
খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সংশ্লিষ্ট প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং চালকসহ মোট দুইজনকে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান জানান, ঘটনাটি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে সংঘটিত না হওয়ায় মোবাইল কোর্ট আইনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। বিষয়টি জুডিশিয়ারি তদন্ত কমিটির মাধ্যমে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আটক দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে টাকার বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন আটক হাবিবুর রহমান হেলালী। তিনি বলেন, ‘আমি সাংগঠনিক নিয়ম অনুযায়ী এলাকায় এসেছি।’


