কক্সবাজারে জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ঐ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত জামায়াত নেতা মো. আলম জানিয়েছেন, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে নেতাকর্মীরা আলোচনা শেষে কার্যালয় ত্যাগ করেন। পরদিন ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়।
খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ নৌবাহিনী, বিজিবি ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান জানান, সংশ্লিষ্টরা লিখিত অভিযোগ দিলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদু রহিম নুরী বলেন, ‘এ এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে স্থানীয় সন্ত্রাসীরা রয়েছে।’ এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
অগ্নিসংযোগের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন অতিরিক্ত সতর্কতা জোরদার করেছে।


