সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনায় অনিয়ম এবং সারের অবৈধ মজুত ও বিপণনসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সুপারিশ প্রণয়নে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সার বিতরণ ব্যবস্থাপনা এবং সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়েও আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন বাবুল ও মোছা. সাবিরা সুলতানা।
কমিটি সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবে। পাশাপাশি সারের অবৈধ মজুত, বিপণন ও অন্যান্য অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করে তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন করবে।
বৈঠকে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অসংগতির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি সম্পাদিত হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার সুপারিশ করেছে কমিটি। আর যেসব ক্ষেত্রে ইতিমধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলায় ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে কমিটির সভাপতি বলেন, সার বিতরণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম সংকট দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে নিরসন করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তিনি।
সভাপতি আরও বলেন, সার কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সার রপ্তানির সুযোগ সৃষ্টি হতে পারে।
বৈঠকের শুরুতে আগের বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হয়।
বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুল উপস্থিত ছিলেন।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।


