তাহসান খান অভিনয় থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন। এবার তিনি জানালেন, গান থেকেও সরে দাঁড়ানোর ইঙ্গিত। কারণ হিসেবে তুলে ধরলেন মেয়ের বড় হয়ে ওঠাকে। তিনি আসলে বোঝাচ্ছেন সাবেক স্ত্রী মিথিলার সঙ্গে তার একমাত্র সন্তান আইরাকে, যে এখন মূলত মায়ের কাছেই বড় হচ্ছে।
অন্যদিকে চলতি বছরই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন তাহসান। তবুও সংগীত থেকে সরে দাঁড়ানোর যুক্তিতে কেন একমাত্র কন্যাকে সামনে আনলেন—এ নিয়ে চলছে নানা আলোচনা।
সব গুঞ্জন ছাপিয়ে ২২ সেপ্টেম্বর সকালে ভক্ত-সমালোচকদের বিস্মিত করেছে তাহসানের ঘোষণা। অর্থাৎ এটিই তার শেষ কনসার্ট হতে পারে কিংবা খুব শিগগিরই সংগীত থেকে পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে নিজের ২৫ বছরের সংগীতজীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করতে গিয়ে তাহসান হঠাৎ এই অবসরের কথা জানান। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়—‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারও গুটিয়ে নেবো। মেয়ে বড় হচ্ছে, এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা মানায়?’
তিনি আরও জানান, ইতিমধ্যেই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করেছেন।
এর আগেই অভিনয় থেকে সরে গিয়েছিলেন তাহসান। গত বছর তিনি বলেছিলেন, ‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। মাঝে মাঝে নিজেকেই বিরতি দিতে হয়। যখন কাজ একঘেয়ে লাগে, তখন থেমে যাওয়া উচিত।’ এরপর থেকে তাকে আর নাটক বা চলচ্চিত্রে পাওয়া যায়নি। তবে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে তিনি দ্বিতীয় বিয়ের খবর দেন।
তাহসান তার সংগীতজীবন শুরু করেন ১৯৯৮ সালে ব্যান্ড ব্ল্যাক দিয়ে। পরবর্তীতে একক ক্যারিয়ার গড়ে তোলেন এবং কাজ করেছেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ ব্যান্ডের সঙ্গেও। বর্তমানে তিনি তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নিয়ে দেশ-বিদেশে নিয়মিত কনসার্ট করছিলেন।


