কালজয়ী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক, চিত্রগ্রাহক মিশুক মুনীরের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)। ‘স্মৃতিতে ও চলচ্চিত্রে: তারেক মাসুদ ও মিশুক মুনীর’ শীর্ষক এ আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্বালন ও দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিংয়ের স্থান দেখে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ। একই দুর্ঘটনায় প্রাণ হারান তার দীর্ঘদিনের সহকর্মী মিশুক মুনীরসহ আরও তিনজন। তাদের মৃত্যুর ১৫ বছর পূর্তিতে এবারও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ডিইউএফএস।
সন্ধ্যা ৬টায় টিএসসি ও শামসুন্নাহার হলসংলগ্ন ‘সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা’ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। পরে সন্ধ্যা ৭টায় টিএসসি মিলনায়তনে প্রসূন রহমান পরিচালিত তারেক মাসুদের জীবনভিত্তিক তথ্যচিত্র ‘ফেরা’ (২০১২) প্রদর্শিত হবে।
রাত ৭টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ‘মুক্তির কথা’ (১৯৯৯)। মুক্তিযুদ্ধের প্রান্তিক মানুষের অভিজ্ঞতা ও চেতনার ওপর নির্মিত এ প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের প্রচলিত বয়ানের বাইরে মানুষের অভিজ্ঞতার আরেকটি দিক তুলে ধরা হয়েছে।
স্মরণ অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। চলচ্চিত্রপ্রেমীদের পাশাপাশি সংস্কৃতিপ্রেমী সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিতে পারবেন।


