নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাতে প্রশাসনিক আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাঙ্গীর আলমের সই করা এক বিবৃতির নোবপ্রোবির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হল এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের শিক্ষার্থীদের মধ্যে সোমবার রাতে এবং আজ সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে ও রাতে সাংবাদিকদরা ভিডিও ধারণ করার সময় তাদের মোবাইল গুলো কেড়ে নিয়ে মোবাইল থেকে সকল ভিডিও ডিলিট করে দেওয়া হয়।
এ ঘটনার জের ধরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটিতে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মহিনুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শিগগির এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


