মাগুরা পৌর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরা রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিপন (৪৫) এবং বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রাব্বীর ছেলে নাঈম (৪০)। আহত হয়েছেন বৃষ্টি আক্তার (২৫)। তিনি মাগুরার নিহত রিপন মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে আবালপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। রিপনের মোটরসাইকেলের পেছনে থাকা বৃষ্টি আক্তারও আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিপন ও নাঈমকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত বৃষ্টি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।


