সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
নিহত শ্রমিকের নাম ইদ্রিস আলী (৫০)। বুধবার রাতে চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে ছয় দিন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার তার মরদেহ জামালপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ১৪ আগস্ট সকালে দুর্ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় ইদ্রিস আলীকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ইউএনও বলেন, ‘বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
ন্যাশনাল হাসপাতালের উপমহাব্যবস্থাপক মো. ফারুকও ইদ্রিস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার দিন থেকেই আইসিইউতে চিকিৎসাধীন থাকা ইদ্রিস নামের এক রোগীর বুধবার রাতে মৃত্যু হয়েছে।
গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। পুরোনো জাহাজ এমটি রাশির ব্যালাস্ট ট্যাংক কাটার সময় সেখানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে এবং পরে চিকিৎসাধীন অবস্থায় নয়জন শ্রমিকের মৃত্যু হয়। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আহত ও অসুস্থ আরও ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


