বিএনপিতে যোগ দিয়ে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্ভাব্য আসন ঢাকা-১০-এ (ধানমন্ডি) বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার তাদের নামসহ ৩৬টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে মাদারীপুর-১ আসনে সে সময় কামরুজ্জামান কামাল মোল্লাকে প্রার্থী ঘোষণা করা হলেও পরে আবার সেটি স্থগিত করা হয়। দ্বিতীয় দফার ঘোষণায় সেই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।
দ্বিতীয় দফার এই ঘোষণাতেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নাম নেই। এই আসনে মনোনয়ন চাইছেন দেশজুড়ে পরিচিত ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন রয়েছে।
এ ছাড়া কয়েকদিন আগে বিএনপিতে যোগ দিয়ে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।
এর আগে তিনি গণফোরাম ও গণঅধিকার পরিষদের নেতা ছিলেন।
প্রথম দফায় ফাঁকা ছিল ঢাকা-১০ আসন। এই আসনে নির্বাচনের জন্য ভোটার হয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গুঞ্জন ছিল বিএনপি এই আসনটি তাকে ছেড়ে দেবে। তবে দ্বিতীয় দফার ঘোষণায় এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন শেখ রবিউল আলম।
এ ছাড়াও দ্বিতীয় দফার ঘোষণায় মনোনয়ন পেয়েছেন নব্বই-এর গণআন্দোলনের ছাত্রনেতা কামরুজ্জামান রতন (মুন্সীগঞ্জ-৩) এবং ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫)।
দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থী তালিকা দেখতে ক্লিক করুন।


