নাটোরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই গরু ব্যবসায়ী আব্দুর রহমান ও আক্কাছ আলীর বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আহত বাকি চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad