দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
Advertisement
Advertisement

ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধার মুখে পড়ে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

সোমবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, ফ্লাইটটি দুপুরের আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে তাকে আটকে রাখা হয়েছিল এবং পুরো ঘটনায় কী ঘটেছে, তা জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগাম কূটনৈতিক পত্রের মাধ্যমে অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি মিললেও তিনি দিল্লিতে না থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

পরে তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে রওনা দেন। সোমবার ভোরে কলম্বো পৌঁছে সেখান থেকে ঢাকার ফ্লাইটে যাত্রা করেন।

সূত্র জানায়, সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া ওশান রিম অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। বৈঠকে তার অংশগ্রহণের বিষয়টি নিয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। উপদেষ্টা জাহেদ উর রহমান সবুজ পাসপোর্টে সার্ক ভিসা স্টিকার নিয়ে ভারতে গিয়েছিলেন। তবে ভারতীয় ইমিগ্রেশন সেই ভিসা গ্রহণ করেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad