চুরি করার পর অনুতপ্ত হয়ে গ্যাস সিলিন্ডার ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মালামাল ফেরতের পাশাপাশি একটি অনুশোচনামূলক চিরকুটও রেখে গেছেন তিনি, যেখানে লেখা ছিল ‘আমি পেশাদার চোর নই, ভুল করে ফেলেছি।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে চরফরাদী মাদ্রাসা মোড়ের চা দোকানি কামাল মিয়ার দোকান থেকে একটি বড় গ্যাস সিলিন্ডারসহ কিছু মালামাল চুরি হয়। কামাল মিয়া বিষয়টি স্থানীয় যুব সংগঠন ও এলাকাবাসীকে জানান। ঘটনাটি নিয়ে এলাকায় চাউর হলে নানা গুঞ্জন ও সন্দেহ তৈরি হয়।
এরই মধ্যে এক রাতে চরফরাদী মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার ও হাতে লেখা একটি চিরকুট ফেলে রেখে যায় চোর। পরে মাদ্রাসার শিক্ষক বিষয়টি দোকানদার কামাল মিয়াকে জানান।
চিরকুটে চোর লেখেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোনো পেশাদার চোর নই। ভুল করে চুরি করে ফেলেছি। কাজটি করে আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন হীন কর্মকাণ্ডে জড়াব না।’
তিনি আরও লেখেন, চুরির ঘটনা নিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরি ও নির্দোষ মানুষকে সন্দেহের হাত থেকে রক্ষা করতে জিনিসটি ফেরত দিয়েছি। মাদ্রাসায় সিলিন্ডার রাখার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অন্য কোনো নিরাপদ উপায় না পেয়ে এটি বেছে নিয়েছি এবং কাগজটি পড়ে ছিঁড়ে ফেলার অনুরোধ জানিয়ে লেখেন ‘ক্ষমাপ্রার্থী’।
গ্যাস সিলিন্ডার ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন চা দোকানি কামাল মিয়া। ঘটনাটিকে বিরল ও ব্যতিক্রমী উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ওই ব্যক্তি সত্যি অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।


