সাতক্ষীরায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার চালতেতলা থেকে সদর থানা পুলিশ তাদের আটক করে। সদর থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার জাহাজঘাটা গ্রামের আকবর আলী খানের ছেলে ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পরামন্দকাঠি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে মৌতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম, শ্রীরামপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং কালিগঞ্জের ফরিদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ফরহাদ নাঈম।
সাহিদুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত বা অপতৎপরতায় লিপ্ত সংগঠনের কর্মীরা যাতে এলাকায় কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাটকেখালীর চালতেতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


