খুলনা নগরীতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের পৃথক হামলায় দুই যুবক নিহত হয়েছেন। জোড়া খুনের এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার রাত পৌনে ১০টার দিকে মহানগরীর লবণচরা থানার শিশুবাগান ৮০ বিঘা এলাকায় দ্বিতীয় হত্যাকাণ্ডের শিকার হন নাজমুল (১৯) নামের এক যুবক। তিনি ওই এলাকার মনির হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা নাজমুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এর আগে, একই এলাকায় সন্ধ্যা ৬টার দিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম (২২) নামের আরেকজন। সেই হামলায় মঞ্জুরুলের পাশাপাশি আরও তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। নিহতের স্বজনেরা জানিয়েছেন, মঞ্জুরুল বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন এবং কারও সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল না।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রথম ঘটনাটি স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বল্প সময়ের ব্যবধানে জোড়া খুনের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।


