দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতুর ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবলীগ নেতা হলেন হাসনাত মো. হামিদুর রহমান (৩৮)। তিনি পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম হাবিবুর রহমান শিশির (২৮)। তিনি হামিদুর রহমানের ছোট ভাই ও ছাত্রলীগের জেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক। গ্রেপ্তার হাসনাত ও শিশির পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার বাসিন্দা। তারা ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোচাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরে ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বোচাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুই ভাইয়ের সন্দেহজনক চলাফেরা দেখে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৩০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বোচাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই সুমন কুমার সরকার। পুলিশের ভাষ্য, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে দুই ভাই নিজেদের হেফাজতে রেখেছিলেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টিও জানা গেছে।
এদিকে পঞ্চগড় সদর থানার ওসি মোকলেছুর রহমান বলেন, হাসনাত ও শিশির গ্রেপ্তারের খবর পাওয়ার পর তাদের বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য বোচাগঞ্জ থানাকে জানানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের পঞ্চগড়ের মামলাগুলোতে শোন অ্যারেস্ট দেখিয়ে পঞ্চগড়ে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
পুলিশের তথ্যমতে, হাসনাতের বিরুদ্ধে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ থানায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইন এবং জুলাই আন্দোলনে ইজিবাইকচালক আল আমিন হত্যা ও গুমের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। শিশিরের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।


