ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও এক পথচারী নিহত হয়েছেন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বুধবার রাত ৮টার দিকে ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন রেলস্টেশন সড়কের হাসানের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নগরকান্দা উপজেলা সদরের এনায়েত শেখের ছেলে মোটরসাইকেল চালক শাকিব শেখ (২২) এবং ভাঙ্গা উপজেলার ছেলাধরচর সদরদী গ্রামের ইলিয়াস শেখের ছেলে পথচারী হৃদয় শেখ (২৩)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাকিব ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রেলস্টেশন সড়কের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া পথচারী হৃদয় মুন্সির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনাস্থলে পথচারী হৃদয় শেখের মৃত্যু হয়। অন্যদিকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চালক শাকিবকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সার্জেন্ট আজাদুর রহমান আজাদ জানান, দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


