আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েও শেষ পর্যন্ত খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। বিসিসিআইয়ের নির্দেশে গত ৩ জানুয়ারি তাকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে ঘটে গেছে লঙ্কাকান্ড। অবশ্য আইপিএল থেকে ছিটকে গেলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে দল পেয়েছেন এই বাঁহাতি পেসার। নিলামের আগে তাকে দলে টেনেছেন লাহোর কালান্দার্স।
এর আগে দুইবার একই ফ্র্যাঞ্চাইজির হয়ে পিএসএলে নাম উঠলেও ২০১৮ সালে পাঁচ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। সেই আসরে ৪ উইকেট নেন তিনি। ২০২৬ সালের আসরের জন্য তাকে দলে পেতে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি খরচ করেছে লাহোর। বাংলাদেশি মুদ্রদায় যার পরিমাণ ২ কোটি ৮১ লাখ টাকা প্রায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণায় লাহোর জানায়, ‘ফিজ! আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান। ২০১৬ ও ২০১৮ সালে দলে ছিলেন আর এবার আমাদের সরাসরি চুক্তি হিসেবে খেলবেন। অবশেষে পরিবারের ফিরলেন। ওয়ান্স আ কালান্ডার, অলওয়েজ আ কালান্দার।’
লাহোর কালান্দার্সের মালিক সামিন রানাও মোস্তাফিজের প্রশংসা করে বলেছেন, ‘ওয়ান্স আ কালান্দার, অলওয়েজ আ কালান্দার। মোস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নয়, সে আমাদের ভাই। আমাদের পরিবারের অংশ, যে আমাদের কখনও ছেড়ে যায়নি। তাকে ড্রেসিং রুমে ফেরত পেয়ে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা, প্রতিভা ও নিবেদন আমাদের শিরোপা জয়ের জন্য বড় ফ্যাক্টর হবে।’
পিএসএলের গত আসরে একই দলের হয়ে খেলেছেন রিশাদ হোসেন। যদিও এবারের আসরের আগে এই লেগ স্পিনারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবারে মোস্তাফিজকে দলে নেয়ার আগে আগে শাহীন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও মোহাম্মদ নাঈমকে দলে নিয়েছে লাহোর।
আগামী ১১ ফেব্রুয়ারি হবে পিএসএলের নিলাম। এবার দল বেড়েছে দুটি। আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৬ মার্চ।


