বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার রোমাঞ্চকর অতিরিক্ত সময়ের ৩-১ গোলের জয়ের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন রেফারি জোয়াও পিনহেইরোর সাথে তার একটি উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে, যা পরবর্তীতে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে প্রথমার্ধে, যখন সুইজারল্যান্ড একটি ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে দাঁড়িয়ে থাকা মেসিকে রেফারি পিনহেইরো নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন। তবে রেফারির কথা বলার ধরন মেসির পছন্দ হয়নি। এনিয়ে আপত্তি জানান তিনি।
ক্যামেরায় দেখা যায়, আর্জেন্টিনার অধিনায়ক তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানান এবং ফ্রি-কিক নেওয়া শেষ হওয়ার পর আবারও রেফারির দিকে এগিয়ে যান।
লিপ রিডারদের (ঠোঁটের ভাষা বুঝতে পারেন যারা) বিশ্লেষণ এবং ইএসপিএন আর্জেন্টিনার রিপোর্টের তথ্য অনুযায়ী, রেফারিকে উদ্দশ করে মেসিকে বলতে শোনা গেছে, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না, আমি আপনার সাথে সম্মান রেখেই কথা বলছি।’
তবে পুরো সময়জুড়েই শান্ত ছিলেন মেসি, নিজের হাত দুটি পিঠের পেছনে রেখেছিলেন। রেফারি পিনহেইরোও তাকে কোনো কার্ড না দেখাননি। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই খেলা চলতে থাকে।
ব্যক্তিগতভাবে এই ম্যাচটি মেসির জন্য হতাশাজনক। ম্যাচের বেশিরভাগ সময় তার প্রভাবকে কার্যকরভাবে রুখে দেয় সুইজারল্যান্ড, যার ফলে এই বিশ্বকাপে প্রথমবারের মতো তিনি কোনো গোল না করেই ম্যাচ শেষ করেন। ১০ জনের সুইজারল্যান্ডের প্রতিরোধ ভাঙতে আর্জেন্টিনার অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। ম্যাচে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ গোল করে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন। এর মাধ্যমে ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ধরে রাখার মিশন বাঁচিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।
চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার সাথে জড়িয়ে থাকা একের পর এক বিতর্কিত ঘটনার তালিকায় এই ঘটনাটি সর্বশেষ সংযোজন। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা একটি গোল ভিএআর পরীক্ষায় বাতিল করা হয়, কারণ তার আগে মার্তিনেজকে ফাউল করা হয়েছিল। এই সিদ্ধান্তের পর মিশরের কোচ হোসাম হাসান ইঙ্গিত দেন, ফিফা কর্মকর্তারা মেসি এবং বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে আগ্রহী ছিলেন।
এর আগে গ্রুপ পর্বেও আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির ওপর বুটের স্পাইক উঁচিয়ে বিপজ্জনক ট্যাকল করা সত্ত্বেও কার্ড দেখা থেকে বেঁচে যান মেসি। অনেক ফুটবল বিশেষজ্ঞের মতে ওই ফাউলটি লাল কার্ড পাওয়ার যোগ্য ছিল। পরে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন ফিফার কাছে এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছিল।
৩৮ বছর বয়সী পর্তুগিজ রেফারি পিনহেইরো, যিনি ২০১৬ সাল থেকে ফিফার তালিকাভুক্ত এবং চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও সুপার কাপের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন, তিনি এই ম্যাচের আরেকটি বড় ঘটনার সাথেও জড়িত ছিলেন। দ্বিতীয়ার্ধে ভিএআর পর্যালোচনার পর ডাইভিং বা ফাউলের ভান করার অপরাধে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।


