আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসেই যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা সরকারের এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, ‘টার্মিনাল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে।’
সভায় দেশের এভিয়েশন ও পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বাটজার নেতারা দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের ইতিবাচক প্রচারে গণমাধ্যমের ভূমিকা এবং তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয় তুলে ধরেন।
রীতা বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
আলোচনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, যাত্রীসেবার মানোন্নয়ন, বিমানের বহর সম্প্রসারণ এবং পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে কথা হয়।
মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে। পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, যাত্রীচাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণ বিবেচনায় বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা ও সেবার মান বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
আফরোজা খানম রীতা বলেন, ‘আমরা মিক্সড ফ্লিটের কথা ভাবছি। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’
এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।
সভায় উপস্থিত ছিলেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফ আহমাদ, সদস্য শাহাদাত হোসেনসহ সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধিদল।


