বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।’ তবে তিনি আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালে কোনো দলের পক্ষ নেননি।
ফক্স নিউজের জেনি ট্যাফটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালে তিনি কাকে জয়ের সম্ভাব্য দল হিসেবে দেখছেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বলব, মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন। আমি সেই পাসটি দেখেছি, সম্ভবত একে পাসই বলা যায়, যা ছিল একেবারে নিখুঁত। যদিও এত গতিতে আসা বলকে মাথায় লাগানোর মতো জায়গায় পাঠাতে অসাধারণ দক্ষতা লাগে। কিন্তু সেটি ছিল নিখুঁত। যদি কোনো স্ট্রাইক জোন থাকত, তাহলে বলটি ঠিক সেখানেই গিয়েছিল, যেখানে যাওয়া উচিত ছিল।’
ওই মুহূর্তের আগে মেসির নড়াচড়ারও প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমি এর আগেও দেখেছি, যেভাবে সে ডিফেন্ডারের কাছ থেকে নিজেকে মুক্ত করেছিল। তাকে খুব ভালোভাবে মার্ক করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে সে একা দাঁড়িয়ে গেল এবং নিখুঁতভাবে বলটি পাঠাল। তাই তার বিপক্ষে বাজি ধরা কঠিন। আমি কোনো পক্ষ নিচ্ছি না, শুধু মনে করি মেসির বিপক্ষে বাজি ধরা খুব কঠিন। সে অসাধারণ।’
৩৯ বছর বয়সী মেসি এমন এক ম্যাচ খেলতে যাচ্ছেন, যেটিকে ব্যাপকভাবে তার শেষ বিশ্বকাপ ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ফিরে এসে জয়ের ম্যাচে তিনি দুটি অ্যাসিস্ট করেছিলেন।
টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছেন মেসি। টানা ১৪ ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনা এবারের টুর্নামেন্টে সাতটি ম্যাচেই অপরাজিত রয়েছে।
অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে এবং এক আসরের বিশ্বকাপে রেকর্ড ছয়টি ক্লিন শিট রেখেছে।
ট্রাম্প নিজেও মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি দেখবেন বলে কথা রয়েছে। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছিলেন। পাশাপাশি তিনি প্রকাশ করেছিলেন যে, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভবিষ্যতের কোনো বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র ও চীনে আয়োজনের সম্ভাবনার বিষয়টি তার সঙ্গে আলোচনা করেছিলেন।


