এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ নিয়ে যা বললেন সারওয়ার

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ নিয়ে যা বললেন সারওয়ার
ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যর্থতার পেছনে দলের চারপাশে চলা নেতিবাচক আলোচনা প্রভাব ফেলেছে বলে মনে করেন প্রধান কোচ সারওয়ার ইমরান।

মঙ্গলবার ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে পদকহীন থাকে বাংলাদেশ। নারী ক্রিকেটে এশিয়ান গেমসের ইতিহাসে এবারই প্রথম কোনো পদক জিততে পারেনি দলটি।

ম্যাচ শেষে সারওয়ার বলেন, ‘নেতিবাচক সংবাদ দল ও খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে। আমি নিশ্চিত নই, তবে এটি একটি কারণ হতে পারে।’

টুর্নামেন্ট চলাকালে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ায় দলটি চাপের মধ্যে ছিল বলে মনে করেন সারওয়ার।

তিনি বলেন, ‘বলা হচ্ছে আমাকে রাখা হবে না, তাকে রাখা হবে না। আমরা একটি টুর্নামেন্ট খেলছি। এর মধ্যে প্রধান কোচ ও অধিনায়ককে সরিয়ে রাখলে কীভাবে ফল আশা করবেন?’

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ। সারওয়ারের প্রধান কোচের চুক্তির মেয়াদও শেষ হওয়ার পথে ছিল। তার চুক্তিতে তখন প্রায় এক মাস বাকি।

আরও পড়ুন

সারওয়ার জানান, এশিয়া কাপ থেকেই দলের চারপাশে নেতিবাচক পরিবেশ তৈরি হয়। শ্রীলঙ্কার কাছে অল্প ব্যবধানে হারের পর সেটি আরও বাড়ে।

তবে মাঠের বাইরের পরিস্থিতির পাশাপাশি দলের ব্যাটিং নিয়েও উদ্বেগের কথা জানান তিনি। বাংলাদেশের ব্যাটারদের ছক্কা মারার সক্ষমতা কমে গেছে বলে উল্লেখ করেন সারওয়ার।

তিনি বলেন, ‘প্রতিটি দল সহজেই ছক্কা মারছে। অথচ আমাদের দল ছক্কাই মারতে পারছে না। যারা আগে ছক্কা মারত, তারাও এখন সেই পর্যায়ে নেই।’

খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন সারওয়ার। তবে বর্তমানে সেটি করতে পারছেন না বলেও স্বীকার করেন তিনি।

সারওয়ার বলেন, ‘আমার মনে হয়, সমাধানটা মানসিক জায়গায়। আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে হবে। কিন্তু আমরা সেটা করতে পারছি না। এটাই পরিস্থিতি।’

দলের মধ্যে কোনো বিভেদ নেই বলেও জানান তিনি। দলের বন্ধন নিয়ে প্রশ্ন করা হলে সারওয়ার বলেন, ‘সবকিছু ঠিক আছে।’

বাংলাদেশ ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে রুপা জিতেছিল। ২০২৩ সালে পেয়েছিল ব্রোঞ্জ। এবার সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad