বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও ডেইলি টাইমস অব বাংলাদেশের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে, তা স্পষ্ট নয়। তাকে হয়রানি করতেই এই মামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক যৌথ বিবৃতিতে কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
নেতারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়াই মামলা করে হয়রানি করা হচ্ছে।
এ ক্ষেত্রে পুলিশের গাফিলতি রয়েছে বলে ক্র্যাবের নেতারা মনে করেন। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।


