যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরের একটি সড়কের নাম পরিবর্তন করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে রাখা হয়েছে। শহরটির ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’ নামে পরিচিত হবে।
সম্প্রতি হ্যামট্রমিক সিটি কাউন্সিলে এই প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানিয়েছে বিএনপি’র মিডিয়া সেল। তাদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কারপেন্টার স্ট্রিটটি এখন থেকে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর নাম বহন করবে।
বর্তমানে এই সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাদের প্রচেষ্টায় এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের দাবিতে হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সিটি কাউন্সিল পাশ করে। এর মাধ্যমে নতুন প্রজন্মের প্রবাসীরা দেশের ইতিহাস ও খালেদা জিয়ার অবদান সম্পর্কে জানার সুযোগ পাবে বলে মনে করে বিএনপির মিডিয়া সেল।
যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় মার্কিন মুলুকে বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য রাজনৈতিক অধ্যায় স্থায়ী রূপ নিল।


