ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি উপজেলায় আইটি ভিলেজ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর মাধ্যমে ১০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।’
তিনি বলেন, ‘বৈদেশিক সহযোগিতা নিয়ে হাইটিক পার্কের উন্নয়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যেই রাজশাহীতে স্টারলিঙ্ক কাজ শুরু করে দিয়েছে।’
রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিগত ১৭টি বছর একটি দলের অনুশাসন দেখেছি। তাদের কার্যক্রম ভালো ছিল না। তাই দীর্ঘদিন পর এ দেশের মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছে।’
তিনি বলেন, ‘আমরা দেশের মানুষকে ভালো রাখতে চাই। ভোগান্তিমুক্ত রাখতে চাই। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতারা মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনী ইসতেহারে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু করা হয়েছে। ইতোমধ্যে ফ্যামেলি কার্ড, স্বাস্থ্য কার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ভোটারের আঙ্গুলের কালি মুছে যাওয়ার আগেই বিএনপির ৩১ দফার কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।’
অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক নূরুন্নবী শিহাব, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।


