চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে চাঁদা দাবি ও হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

এ সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে চট্টগ্রামে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান আইএসপিএবি নেতারা। পরে ক্লাবের সামনে মানববন্ধন করেন চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

সংবাদ সম্মেলনে আইএসপিএবির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, ‘গত শনিবার ডিডিএনের কাছে ফোনে চাঁদা দাবি করা হয়। এরপর সোমবার দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি নগরের চকবাজার চন্দনপুরা এলাকার প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে অনেকে কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন।

রাজিব শাহরিয়ার বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত চাঁদাবাজি, হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। এটি কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং পুরো আইএসপি খাতের জন্য একটি বড় নিরাপত্তা সংকট। দেশের অর্থনীতি, প্রশাসন ও জনসেবার বড় অংশ এখন ইন্টারনেটনির্ভর। তাই ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো ডিডিএনের কার্যালয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দেশের সব আইএসপি প্রতিষ্ঠান ও তাদের নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা, আইএসপি খাতে সংঘটিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ নেওয়া।

আইএসপিএবি নেতারা বলেন, জনস্বার্থে এখন পর্যন্ত ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করতে বাধ্য হবেন তারা।

সংবাদ সম্মেলনে আইএসপিএবির কেন্দ্রীয় কমিটির পরিচালক রাশিদুর রহমান রাজনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ডিডিএনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ১১ জুলাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আদিল বিন মামুনের ব্যবহৃত হুয়াট্স অ্যাপ নম্বরে দুটি নম্বর থেকে কল আসে। কলকারী নিজেকে ‘সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমন’ পরিচয় দিয়ে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করলে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির দাবি, ওই হুমকির দুই দিন পর, সোমবার দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি নগরের চন্দনপুরা এলাকার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলাকারীরা কার্যালয়ের বিভিন্ন কক্ষ তছনছ করলেও ভবনের ডাটা সেন্টারে প্রবেশ করতে পারেননি। ঘটনার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চকবাজার থানায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর