চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের ৪০৫ নম্বর কক্ষে ছাদের পলেস্তারাসহ একটি অংশ খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষার্থী ওমর বিন কাসেম ইফতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হলটির বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক।
বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই শিক্ষার্থীর হাঁটু সামান্য কেটে যায় এবং হাতে ব্যথা পান।
ভুক্তভোগী ওমর বিন কাসেম ইফতি জানান, ঘটনার সময় তিনি কক্ষের বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে ছিলেন। হঠাৎ তার গায়ে ছাদের প্লাস্টারসহ একটি অংশ খুলে পড়ে।
ওমর বিন কাসেম ইফতি বলেন, ‘তেমন সিরিয়াস কোনো ইনজুরি হয়নি। অল্পের জন্য আমার মাথায় পড়েনি।’
ভুক্তভোগীর দাবি, এক বছরও হয়নি ওই কক্ষের ছাদ ও সিলিংয়ে সংস্কার কাজ করা হয়েছে। এর মধ্যেই ছাদের অংশ খসে পড়ায় সংস্কারকাজের মান নিয়ে প্রশ্ন তুলেন তিনি।
ওমর বিন কাসেম ইফতি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এ ধরনের ঘটনা ঘটছে।


