আ.লীগ এভাবে বিদায় নেবে কোনো জ্যোতিষীও ভাবেনি: ধর্মমন্ত্রী

আ.লীগ এভাবে বিদায় নেবে কোনো জ্যোতিষীও ভাবেনি: ধর্মমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগ এভাবে পালিয়ে বিদায় নেবে, তা পৃথিবীর কোনো জ্যোতিষী ও গোয়েন্দা সংস্থাও ভাবেনি বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেন্ট্রাল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

১৯৭৫ সালের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে মাত্র কয়েকজন কর্মকর্তা বড় একটি ঘটনা ঘটিয়েছিলেন। শেখ মুজিব, তার পরিবার ও আওয়ামী লীগকে রক্ষার জন্য সেদিন বিশাল রক্ষীবাহিনী প্রস্তুত ছিল। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আল্লাহ যা চান, তাই হয়।

মহানবী হজরত মুহাম্মদের (সা.) জীবন মুসলমানদের জন্য উত্তম আদর্শ উল্লেখ করে তিনি বলেন, তার জীবন অনুসরণ করে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চললে ইহকাল ও পরকালে সাফল্য অর্জন সম্ভব।

ধর্মীয় নেতা-সেবাকর্মীদের জন্য ১১০০ কোটি টাকা

মন্ত্রী বলেন, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আওতায় ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জনকে আনার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, পাইলট প্রকল্পে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন, ৩ হাজার ৭৮৪ জন খাদেম, ৫৮৬ জন পুরোহিত, ৪২২ জন সেবাইত, ৯৫ জন বৌদ্ধ অধ্যক্ষ ও ৬৭ জন উপাধ্যক্ষসহ মোট ১৩ হাজার ৯৪৯ জনকে ভাতা দেওয়া হয়েছে।

হজের অর্থ ফেরতের নজির বাংলাদেশে

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হজ শেষে হাজিদের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ও নির্দেশনায় বাংলাদেশে এই নজির স্থাপন সম্ভব হয়েছে।’

তিনি জানান, ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৩৪১ জন হাজিকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ২০২৩ সালে হজের বিমানভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। প্রধানমন্ত্রীর উদ্যোগে এ বছর তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী, জবি উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে হামদ, নাতে রাসুল, কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর