দেশে গত ২৪ ঘণ্টায় তিন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭ জন সন্দেহজনক এবং ৩৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায় (৪৪৩ জন)। এ ছাড়া, চট্টগ্রামে ২৩৬ ও সিলেটে ১৩০ জন রোগী শনাক্ত হয়। এই সময়ে ঢাকায় একজন এবং চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে এবং নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৯৬৭ জন। একই সময়ে সন্দেহজনক হাম-সম্পর্কিত মৃত্যু হয়েছে ৯১২ জনের এবং নিশ্চিত হাম-সম্পর্কিত মৃত্যু হয়েছে ১০০ জনের। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জন।
এ ছাড়া, ১৫ মার্চ থেকে ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হন এবং ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।
জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৯ জনকে টিকা দেওয়া হয়েছে। ফলে মোট টিকাদান কভারেজ দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৭ শতাংশ।


