বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল ১৫ বছরের কিশোর সিয়াদ। ময়মনসিংহ শহরের বাসা থেকে বের হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ধরে ঘুরে মধুপুরে গিয়েছিল সে। ফেরার পথে একটি কুকুরকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সিয়াদ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার বিপ্রবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিয়াদের বন্ধু মোমিন (১৫) আহত হয়েছে।
নিহত সিয়াদ ময়মনসিংহ শহরের সেনবাড়ী এলাকার বাসিন্দা। তার বাবা পুলিশে চাকরি করেন বলে আহত মোমিন জানিয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে সিয়াদ ও মোমিন মোটরসাইকেল নিয়ে ময়মনসিংহ শহরের বাসা থেকে বের হয়ে টাঙ্গাইলের দিকে রওনা দেয়। মধুপুর পর্যন্ত ঘোরাঘুরি শেষে তারা আবার ময়মনসিংহের দিকে ফিরছিল। মধুপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিপ্রবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুর মোটরসাইকেলের সামনে চলে আসে।
কুকুরটিকে এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী সিয়াদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বন্ধু মোমিনও আহত হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াদকে মৃত ঘোষণা করেন। আহত মোমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


