খুলনা নগরীতে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক তরুণ নিহত হয়েছেন। শিশু অপহরণ চেষ্টার অভিযোগে স্থানীয়দের প্রহারে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
আড়ংঘাটা থানার সহকারী পরিদর্শক (এসআই) ফেরদাউস জানান, দুপুর পৌনে ২টার দিকে রাজু রায়েরমহল এলাকার বাসিন্দা হাসান গাজীর চার বছর বয়সী মেয়ে মিমকে চুরির চেষ্টা চালান বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ সময় উপস্থিত জনতা তাকে ধরে মারধর করে।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং একটি মামলা করা হবে।


