সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায় তৌফিক নেওয়াজের মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে। বুধবার সকালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে।
দীপু মনি বর্তমানে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।
তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করার পর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায়ও ভুগছিলেন। গত ২৬ এপ্রিল স্বজনরা তাকে হুইলচেয়ারে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যান, সেখানে তিনি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন।
এর আগে তৌফিক নেওয়াজের অসুস্থতার কথা জানিয়ে গত ২৭ মে দীপু মনিকে সাত দিনের প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। তবে ওই আবেদনে সাড়া মেলেনি।
পেশায় আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন।


