সরকার বা বিএনপির নাম ব্যবহার করে কোনো ব্যক্তি যাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা দল বিতর্কিত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে কুমিল্লা মহানগরীর শিল্পকলা একাডেমিতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক।
তার জীবনাদর্শ, সততা, দায়িত্ববোধ ও জনগণমুখী রাজনীতি দেশের মানুষের কাছে আজও অনুকরণীয়। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক আদর্শের অনুসারীদের আচরণ, দায়িত্ববোধ, জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। জনগণ যেন তাদের কর্মকাণ্ডে শহীদ জিয়ার আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন দেখতে পায়, সে বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।
মন্ত্রী বলেন, জনগণ একটি সৎ, দায়িত্বশীল ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রত্যাশায় বিএনপি সরকারকে দায়িত্ব দিয়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক কর্মীদের আরও দায়িত্বশীল, সংযমী ও জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ করতে হবে।
তিনি বলেন, সমাজে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে। যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা রোধে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনকে সহযোগিতার জন্য সহায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন।
মন্ত্রী আরও বলেন, সরকার ও দলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি যাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ আশা ও বিশ্বাস নিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে; ফলে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা দল বিতর্কিত হয়।
তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সেবা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।


