ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মাদক ও দেশি-বিদেশি অস্ত্রসহ মাসুম ওরফে পিচ্চি মাসুম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর দাবি, গ্রেপ্তার ‘পিচ্চি মাসুম’ একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট।
বৃহস্পতিবার রাত ২ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত অভিযান চালিয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের চৌকশ আভিযানিক দল আসামিকে গ্রেপ্তার করে। এ সময় শীর্ষ সন্ত্রাসীর সহযোগী তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সেনা সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিচ্চি মাসুমের গোপন আস্তানায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে তার সঙ্গে থাকা একাধিক সহযোগীও ধরা পড়েছে।
ঘটনার বিবরণীতে সেনাবাহিনী জানায়, প্রাথমিকভাবে আভিযানিক দল মাসুমের সহযোগী নাইমকে (৩৩) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পিচ্চি মাসুমকে গ্রেপ্তার করা হয়। মাসুমের তথ্য ও গোয়েন্দা তথ্য অনুযায়ী ধলপুর এলাকায় একযোগে ৮টি স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে মাসুমের সহযোগী নাসির (৩২) ও রাজু (৩২) গ্রেপ্তার হয়। এছাড়া মাসুম, রাসেল ও আলামিনের বাসা তল্লাশি করে উদ্ধার করা হয়–একটি মার্কিন সিগ সাওয়ার এম-১৭ পিস্তল, একটি মার্কিন 7.65 মিমি পিস্তল, একটি রিভলভার, হেরোইন ও গাঁজা, দেশীয় অস্ত্র, ১৬টি মোবাইল ফোন, সিম কার্ড ও মেমোরি কার্ডসহ নগদ অর্থ।
তবে আরও কয়েকজন সহযোগী এখনও আত্মগোপনে রয়েছে বলেও জানায় তারা। তাদের মধ্যে রয়েছেন–আলামিন (৩৫), হারুন (৪৭), রাসেল ওরফে চশমা রাসেল (৩৯), সাগর (৩১) ও আম্বিয়া (৪৪)।
মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।


