ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেন।
শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার করা দুই কর্মকর্তা হলেন—তেজগাঁও থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
আদেশে বলা হয়েছে, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট থেকে কার্যকর হবে।
এর আগে শনিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান এবং সাধারণ মানুষের অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন। ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।


