জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন তার স্বামী তৌফিক নেওয়াজ।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় তিনি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে স্ত্রীর সঙ্গে দেখা করতে আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে অনুমতি চান তৌফিক নেওয়াজ। পরে আদালত অনুমতি দেয়।
আদালতের অনুমতি পাওয়ার পর হুইলচেয়ারে করে তৌফিক নেওয়াজকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দীপু মনিসহ নয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৬ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।


