হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগের ৫ মামলায় সাবেক মন্ত্রী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে জামিনের বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এসব মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।
সোমবার বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রমজান আলী শিকদার ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা।
গাজী ফয়সাল ইসলাম জানান, আদাবর, বাড্ডা, গাজীপুরের গাছা থানায় একটি করে এবং শাহবাগ থানায় দুটি মামলা হয়। এ ছাড়া আগের ১৬ মামলায় জারি করা রুল শুনানির জন্য ধার্য করা হয়েছে। আইনজীবী রমজান আলী শিকদারের তথ্য মতে, দীপু মনির বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৮টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


