রাজধানীর মুগদার মান্ডায় পলিথিনে মোড়ানো এক ব্যক্তির সাত টুকরা দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পাওয়া যায়নি তার মাথা। তাৎক্ষণিকভাবে তার বয়স জানাতে পারেনি পুলিশ।
রোববার বেলা দেড়টার দিকে একটি বাড়ির বেজমেন্ট থেকে পুলিশ খণ্ডিত দেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি সাতটি টুকরা করা। তবে তার মাথা পাওয়া যায়নি। দেহটি পচাগলা অবস্থায় রয়েছে। পেট থেকে ভুঁড়ি বেরিয়ে আছে।
তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা যাচ্ছে, ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরা করে পলিথিনে ভরে এরপর ওই বাড়িটির বেজমেন্টে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে।


