টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গুলি, মাদক উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ৯ জনকে।
বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে বিজিবি, এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং আরআরআরসি অংশগ্রহণ করে। অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারসহ ৯ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে একজনের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।


