একবার বাড়ার পর দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। বিশ্ববাজারে দাম কমের যাওয়ায় স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে, তাই দেশের বাজারেও সোনার দাম কমেছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, চলতি মাসের ৩ তারিখ সোনার দাম কমানো হয়েছিল। পরে এক সপ্তাহের ব্যবধানে ১৯ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়। তারও এক সপ্তাহ পর ২৬ তারিখ সোনার দাম কমানো হয়। পরে দুইদিনের ব্যবধানে ২৮ এবং ২৯ তারিখ আবারও দেশের বাজারে সোনার দাম কমানো হয়। এরপর একদিনের ব্যবধানে ২৯ সেপ্টেম্বর আরও একবার সোনার দাম কমিয়ে পরদিন আবার সোনার দাম বাড়ানোর পর আজ আবার সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ টাকা ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমিয়েছে জুয়েলার্স সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।
দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় চলতি বছরের ২৯ জানুয়ারি। এদিন সোনার দাম একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৬১ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তীত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৫৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় কেনা-বেচা হচ্ছে।


