ঢাকার ডেমরায় অটোরিকশার ধাক্কায় বাবুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে বামৈল এলাকার মোল্ল্যা ডাইংয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টায় মৃত ঘোষণা করেন।
বাবুলকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আশিকুর মণ্ডল আশিক জানান, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি বাবুলকে সজোরে ধাক্কা দেয়।
পরে তিনি মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনেন, তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, বাবুলের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামে। তার বাবার নাম মতি মিয়া।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, বাবুলের মৃত্যুর বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।
ডেমরা থানা পুলিশ দুর্ঘটনার ঘটনা তদন্ত করছে।


