আচরণবিধি ভঙ্গ করে শোডাউন করায় চট্টগ্রাম-১৫(সাতকানিয়া, লোহাগাড়া) আসনের বিএনপি’র প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভবিষ্যতে আচরণবিধি না ভাঙতে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে কাউকে জরিমানার ঘটনা এটিই প্রথম।
জানা যায়, শনিবার বিকালে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শোডাউন করে নিজ নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। এসময় সাতকানিয়ার বটতলী এলাকায় লোহাগাড়ার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আচরণবিধি প্রতিপালন তদারকির দায়িত্ব সহকারী কমিশনার(ভূমি)-কে দেওয়া হয়েছে। তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় নাজমুল মোস্তফা আমিনকে জরিমানা করেছে।
প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো ধরনের শোভাযাত্রা, বড় গাড়িবহর কিংবা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন কার্যকর রয়েছে। এ সময়ের মধ্যে ৪৮ ঘণ্টার মধ্যে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আনুষ্ঠানিক প্রচারণা শুরুর জন্য নির্ধারিত সময়ের আগে কোনো মিছিল বা সভা-সমাবেশ করাও নিষিদ্ধ।


