জামায়াতে ইসলামী শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঠাকুরগাঁও-এ নির্বাচনী জনসভায় তিনি বলেন, “যে মানুষগুলো আমাদের দেশটাকেই বিশ্বাস করে নাই তাদেরকে কী করে ভোট দেবো?”
মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী। শনিবার তিনি সদর উপজেলার দেবীগঞ্জ বাজার ও নীমবাড়িতে নির্বাচনী সভা করেন। এছাড়া বেসরকারি সংস্থা মানবকল্যাণ পরিষদের প্রশিক্ষণকেন্দ্রে ঠাকুরগাঁও ডেইরি অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
নির্বাচনী সভায় মির্জা ফখরুল বলেন, এবার আওয়ামী লীগ ও নৌকা নাই। এবার এসেছে দাঁড়িপাল্লা। এই দলটি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। এরা ৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে। শুধু বাংলাদেশ নয়, এরা পাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করেছে।
বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের প্রধান নেতা ছিলেন মওদুদী। এ কারণে সবাই দলটিকে মওদুদী জামায়াত বলে। মওদুদী ইসলামের নতুন তত্ত্ব বের করেছিলেন, যা আমাদের ইসলাম ধর্ম মানে না। সেই দলকে মেনে নেওয়া যায় না।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এরা হিন্দু-মুসলমান ভেদাভেদ সৃষ্টি করতে চায়; েদেশের ক্ষতি করতে চায়। আর বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়।
ধানের শীষে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, ধানের মীষ বিজয়ী হলে ঠাকুরগাঁও সুগার মিল উন্নত করা হবে। এই এলাকায় ইপিজেড স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ঠাকুরগাঁও-এ মেডিকেল কলেজ ও বিমানবন্দর স্থাপনেরও প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব।


