আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট তো কেটেছে নরওয়ে, কিন্তু সামনে দাঁড়িয়ে এক মহাশক্তিধর পর্বত। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মার্টিন ওডেগার্ড ও আর্লিং হালান্ডদের লড়তে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে।
চলতি বিশ্বকাপে কার্লো আনচেলত্তির ব্রাজিল এখনো অপরাজিত। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে যখন এই দুই দল মুখোমুখি হবে, কাগজে-কলমে ফেভারিট হিসেবে সেলেসাওরা মাঠে নামবে। কিন্তু ফুটবল ইতিহাস বলছে অন্য কথা। পরিসংখ্যানের পাতা ওল্টালে ব্রাজিলিয়ান সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। কারণ, বিশ্ব ফুটবলে নরওয়ে একমাত্র দেশ, যারা একাধিক ম্যাচ খেলেও ব্রাজিলের কাছে কখনো হারেনি।
ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মাঠে নেমেছে নরওয়ে। এর মধ্যে দুটিতে জিতেছে তারা, বাকি দুটি হয়েছে ড্র। অর্থাৎ, সাম্বার দেশকে হারানোর চাবিকাঠি ভালো করে জানা আছে এই ইউরোপীয় দলটির।
১৯৮৮ প্রথমবার ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও নরওয়ে। সেবার ১-১ গোলে ড্র হয় তাদের লড়াই। পরে ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়ে ৪-২ গোলের অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
দুটি প্রীতি ম্যাচের পর ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার প্রতিযোগিতামূলক লড়াইয়ে দেখা যায় ব্রাজিল-নরওয়ে ম্যাচ। যেখানে বেবেতোর গোলে ব্রাজিল লিড নিলেও তরে আন্দ্রে ফ্লো ও জেতিল রেকডালের গোলে ম্যাচ জিতে নেয় নরওয়ে।
চলতি বিশ্বকাপের আগে সেবারই সবশেষ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল নরওয়ে। প্রায় ২৮ বছর পর আবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে। আর এবার নকআউটের লড়াইয়ে খেলবে তারা।
১৯৯৮ বিশ্বকাপের পর আবার ২০০৬ সালে প্রীতি ম্যাচে মাঠে ব্রাজিল ও নরওয়ে। দানিয়েল কারভালহো ও মর্তেন পেডারসেন একটি করে গোল করলে ১-১ গোলে ড্র হয় সেই ম্যাচ।
প্রায় ২০ বছর পর এবার বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার অপেক্ষায় দুই দল। ১৯৯৮ সালের পর প্রায় ২৮ বছর বিরতি দিয়ে আবার বিশ্বকাপে দেখা হচ্ছে এই দুই দলের। সেবার লড়াইটা ছিল গ্রুপ পর্বের, এবার কিন্তু বাঁচা-মরার নকআউট। মাঝখানে ২০০৬ সালের প্রীতি ম্যাচের পর কেটে গেছে দীর্ঘ ২০ বছর।
চলতি বিশ্বকাপে নরওয়ের যাত্রাটা বেশ রোমাঞ্চকর। ইরাক ও সেনেগালকে হারিয়ে তারা গ্রুপ পর্ব পার করলেও ফ্রান্সের কাছে পাত্তা পায়নি। তবে নকআউটে আইভরি কোস্টকে বিদায় করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে হলান্ড-বাহিনী।
অন্যদিকে মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল পরের ম্যাচগুলোতে স্কটল্যান্ড ও হাইতিকে অনায়াসে হারিয়েছে। আর শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিরুদ্ধে শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।
ইতিহাসের অপরাজেয় রেকর্ড ধরে রেখে নরওয়ে কি কোয়ার্টার ফাইনালে যাবে, নাকি এবার সব অতীত পরিসংখ্যান ভেঙে ‘নরওয়ে-গেরো’ কাটবে ব্রাজিল? উত্তর মিলবে রোববার মাঠের লড়াইয়েই।


