অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ টাইগ্রেসরা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা। ১৭৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২২ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অজি পেসার মেগান শুটের তোপে পড়ে নবম ওভারের আগেই মাত্র ১৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগ্রেসরা। একে একে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন, শারমিন সুলতানা এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যক্তিগত ৯ রানে শোভনা মোস্তারি আউট হলে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে দল।

এরপর পঞ্চম উইকেটে শারমিন আক্তার ও শোরনা আক্তারের ৫৪ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। শারমিন ৫০ রান করে এলিস পেরির শিকার হন এবং লড়াই চালিয়ে যাওয়া শোরনা ৭১ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তবে শেষ পর্যন্ত তাদের এই প্রতিরোধও যথেষ্ট হয়নি। ৪৯ ওভার ৫ বলে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে মেগান শুট ১০ ওভারে ৫টি মেডেনসহ মাত্র ১৬ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়া অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে টিকতেই পারেনি বাংলাদেশি বোলাররা। অ্যানাবেল সাদারল্যান্ড অপরাজিত ৭৪ এবং এলিস পেরি অপরাজিত ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ২৭ ওভার ২ বল হাতে রেখেই দলের বড় জয় নিশ্চিত করেন। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ১টি উইকেট লাভ করেন।

এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে একটিতেও জয়ের মুখ না দেখে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ল নিগার সুলতানা জ্যোতির দল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad