জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ ‘ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল’ নিয়ে প্রতারণার অভিযোগে মামলা করেছেন বিনিয়োগকারীরা।
তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি গড়ে তোলা ও প্রচারের ক্ষেত্রে গোমেজ যে দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেননি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে মামলাটি করা হয়। মামলার নথি অনুযায়ী, বিনিয়োগকারীরা ওয়ান্ডারমাইন্ড গ্লোবালে প্রায় ১২ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। ২০২১ সালে চালু হওয়া প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ব্যবহারকারীদের মানসিক সুস্থতা বা ‘মেন্টাল ফিটনেস’ উন্নত করতে সহায়তা করা।
বিনিয়োগকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ কোটির বেশি অনুসারী থাকা গোমেজ প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান হিসেবে সক্রিয়ভাবে ব্যবসা গড়ে তুলবেন বলে তাদের জানানো হয়েছিল। কিন্তু পরে তিনি ও কোম্পানির অন্য কর্মকর্তারা তাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন।
মামলায় বলা হয়েছে, একটি মোবাইল অ্যাপ তৈরির প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হয়নি। বিনিয়োগকারীদের অভিযোগ, গোমেজ চুক্তিতে দায়িত্ব পালনে সম্মত হলেও পরে তা উপেক্ষা করেছেন।
মামলার নথিতে আরও দাবি করা হয়, কোম্পানিটির কার্যক্রমে মৌলিক ব্যবস্থাপনাগত সমস্যাও ছিল। এমনকি কর্মী ও সরবরাহকারীদের সময়মতো অর্থ পরিশোধের মতো প্রাথমিক দায়িত্বও প্রতিষ্ঠানটি পালন করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা।
তাদের দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরে একটি অনলাইন সংবাদ প্রতিবেদনের মাধ্যমে কোম্পানিটির সংকটের বিষয়টি জানতে পারেন তারা। এর আগে তারা প্রতিষ্ঠানটির সমস্যাগুলো সম্পর্কে অবগত ছিলেন না বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অর্থ ফেরত এবং মামলার আইনি ব্যয় পরিশোধের দাবি জানিয়েছেন।
এদিকে সেলেনা গোমেজের প্রতিনিধির কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


