২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন পেজটির এডমিন আমিনুল ইসলাম।
এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন আমিনুল। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।
তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে আদালত ওই প্রতিবেদন আমলে নিয়ে তিশার বিরুদ্ধে সমন জারি করে এবং গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।


