একটি অনলাইন পেজ থেকে প্রায় ২৯ হাজার টাকা দামের শাড়ি নিয়ে অর্থ পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে।
অনলাইন পেজটির নাম ‘অ্যাপোনিয়া’। পেজটিতে জামদানি, জামদানির ওপর কাজ করা, হ্যান্ড পেইন্ট করাসহ বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি করা হয়।
বুধবার ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালতে মামলাটি দায়ের করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি নিয়ে ডিবি পুলিশকে মামলাটি তদন্ত করে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছে।
সম্প্রতি তানজিন তিশার বিরুদ্ধে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে দাম পরিশোধ না করার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির স্বত্তাধিকারী নারী উদ্যোক্তা। এরপর তানজিন তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় বিতর্ক ও সমালোচনা।
এর পরিপ্রেক্ষিতে তানজিন তিশা তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান যে, ওই অনলাইন দোকান থেকে উপহার হিসেবে তাকে শাড়িটি পাঠানো হয়েছিল।
বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসে এটি একটি সাধারণ বিষয়। প্রায়ই বিভিন্ন অনলাইন পেজ থেকে তারকা বা সাইবার স্পেসে জনপ্রিয় ব্যক্তিদের উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী পাঠিয়ে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে লিখিত বা অলিখিত চুক্তি থাকে যে, ওই তারকা উপহার পাঠানো পোশাক পরে বা সামগ্রীটি ব্যবহার করে ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করবেন বা রিভিউ দেবেন।
তানজিন তিশার দাবি শাড়িটিও তাকে উপহারই পাঠানো হয়েছিল। এর সঙ্গে অন্য কোনো বিষয় যুক্ত ছিল না।
তবে এ ঘটনায় প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলার বাদী আমিনুল ইসলামের পক্ষে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়। নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে।
কিন্তু আইনি নোটিশে নির্ধারণ করে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তানজিন তিশা।
এজন্য তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান বাদী।
মামলায় বর্ণিত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, ‘তানজিন তিশার মতো সেলিব্রিটি একজন মানুষ নারী উদ্যোক্তার সঙ্গে যে ধরনের প্রতারণা করেছেন তা কাম্য নয়। তিনি চাইলেই বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু সেটা না করে তার ভেরিফায়েড ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সামাজিকভাবে হেয় করেছেন।’
‘একজন নারী উদ্যোক্তাকে যেখানে উনার উৎসাহিত করার কথা, সেখানে তিনি করলেন প্রতারণা। এ জন্য তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো জবাব তিনি দেননি। তাই তানজিন তিশার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করা হয়েছে।’


