শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন দাবিতে সায়েন্সল্যাব মোড় ছেড়ে জাতীয় সংসদ ভবনের দিকে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন তারা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সায়েন্সল্যাব থেকে জাতীয় সংসদ ভবনের দিকে রওনা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সমস্যা সমাধান ও দাবি মেনে নিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।
এর আগে, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি দাবি তুলে ধরে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। তাদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, ‘সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মঙ্গলবার অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে।’
তিনি বলেন, ‘একই সঙ্গে বুধবারের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। প্রশ্নপত্রের মানদণ্ডও অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।’
বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সকাল থেকে টানা আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।


