পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে প্রতিমন্ত্রী হিসেবে পদায়নের প্রতিবাদ জানিয়ে তাকে অন্য মন্ত্রণালয়ে বদলির দাবি তুলেছেন পার্বত্য চট্টগ্রামের ৩৫ জন বিশিষ্ট নাগরিক।
বুধবার দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত এ মন্ত্রণালয়ে অপাহাড়ী ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসী নন-এমন কাউকে প্রতিমন্ত্রী করা চুক্তির পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, চুক্তির (ঘ) খণ্ডের ১৯ ধারায় উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগের কথা উল্লেখ রয়েছে। রাঙ্গামাটি-২৯৯ আসনের সাংসদ দীপেন দেওয়ানকে মন্ত্রী করা হলেও চট্টগ্রাম-৫ আসনের সাংসদ মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে প্রতিমন্ত্রী নিয়োগের মাধ্যমে চুক্তির চেতনাকে লঙ্ঘন করা হয়েছে বলে তাদের অভিযোগ।
তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে যারা থাকবেন, তাদের পাহাড়ের অধিবাসী হওয়া উচিত, যাতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগেও পাহাড়ি নাগরিকদের অংশগ্রহণ নগণ্য এবং এ ক্ষেত্রে অগ্রাধিকার নিশ্চিত করা প্রয়োজন।
বিবৃতিদাতাদের পক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার স্বাক্ষর করেন।


