বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদনের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধনের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, যে কেউ যেকোনো সময় ভোটার হতে পারেন। তবে আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে।
তারেক রহমান কোন আসন থেকে ভোটার হবেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক আবেদন বা চিঠি না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। নির্বাচন কমিশন সব তথ্য পেলে জনসম্মুখে প্রকাশ করবে।
এদিকে, পৃথক ফোনালাপে টাইমসের সঙ্গে কথা বলেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, শনিবার তারেক রহমানের নির্বাচন কমিশনে যাওয়ার খবরটি তারা কেবল গণমাধ্যমে জানতে পেরেছেন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি নির্বাচন কমিশনে আসেনি।
১৭ বছর পর বৃহস্পতিবার সকাল ১১টা ৩৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তিনি লন্ডন থেকে সিলেট হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তার এই স্বদেশ প্রত্যাবর্তন দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


